যুক্তরাজ্যে মৃত ১১ হাজার ৩৪৭, লকডাউন বাড়তে পারে এক বছর

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাজ্যে। দেশটিতে এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩৪৭ জন মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার।

তিন রাত আইসিইউতে কাটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্যই জীবন ফিরে পেলাম।’

এরপর সোমবার সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিস-এর সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবছে তার সরকার। লকডাউনের সময়কাল এক বছর পর্যন্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।

বরিস জানান, পাব ও রেস্তোরাঁ বন্ধ না থাকলে সংক্রমণ ঠেকানো যাবে না দেশে। ব্রিটেনের বিশেষজ্ঞরাও আপাতত স্কুল-কলেজসহ যে কোনো ধরনের জমায়েত দীর্ঘমেয়াদিভাবে বন্ধ রাখার উপরে জোর দিচ্ছেন। বন্ধ রাখা হবে বাজার-দোকানও। তাতে দরিদ্র পরিবারগুলি কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়লেও কিছু উপায় নেই।

বিশেষজ্ঞরা বলেন, ‘সরকার যদি বিষয়টিতে গুরুত্ব দেয়, তবেই দেশের মানুষ এর গুরুত্ব বুঝবে।’

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে মারা গেছেন এক লাখ ১৯ হাজার ৭৬৬ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি।