করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের সুপ্রিম কোর্ট আসাম রাজ্যের ৬টি ডিটেনশন ক্যাম্পে বন্দী বাংলাভাষীদের অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবারের ওই নির্দেশে বলা হয়, এই লকডাউনের মধ্যেই দুই বছর ধরে বন্দীদের ছেড়ে দেওয়া হোক।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি মোহন এম শান্তনা গৌড়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সে শুনানির সময় আদালত এই রায় দেন। তবে আসাম রাজ্য বিজেপি এবং রাজ্য সরকার ওই বন্দীদের জামিনের বিরোধিতা করেছে।
ডিটেনশন ক্যাম্পগুলোতে ৮০১ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৬০ শতাংশ বন্দী ২ বছরের বেশি সময় ধরে রয়েছেন। ক্যাম্পে কারাবন্দী অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে একজনের মৃত্যু হয়েছে।
নাগরিক তালিকা (এনআরসি) নাগরিকত্ব যাচাই করতে গিয়ে এই বাংলাভাষী নাগরিকদের সন্দেহভাজন ডি-ভোটার হিসেবে গ্রেপ্তার করে রাজ্য সরকার।
ডিটেনশন ক্যাম্পগুলোর অবস্থান রাজ্যের শিলচর, জোড়হাট, ডিব্রুগড়, তেজপুর, গোয়ালপাড়া এবং কোকরাঝাড় জেলায়। সেখানে বন্দীদের বেশির ভাগই বাঙালি হিন্দু সম্প্রদায়ের। যথাযথ নাগরিকত্বের প্রমাণ দিতে না পারায় এসব ক্যাম্পে বন্দী এখন তারা।
এদিকে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৩৯ জন। আসাম রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০ জন, মৃত্যু হয়েছে একজনের।