হাসির চোখে সর্বকালের সেরা ফিনিশার ধোনি

খেলোয়াড়ি জীবনে দুর্দান্ত ফিনিশার হিসেবে সুখ্যাতি ছিল তার। চাপের মুখে কত ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতিয়ে ফিরেছেন মাইক হাসি। তবে সাবেক এই অজি ক্রিকেটারের চোখে সর্বকালের সেরা ফিনিশার কে জানেন? মহেন্দ্র সিং ধোনি।

হ্যাঁ, ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন হাসি। আইপিএল দল চেন্নাই সুপার কিংসে ধোনির এই সাবেক সতীর্থ বলছেন, ‘ক্রিকেট এ পর্যন্ত যেসব ফিনিশারের জন্ম দিয়েছে, তাদের মধ্যে ধোনি সবচেয়ে সেরা।’

মাঠে ঠান্ডা মাথার জন্য ধোনি সব সময় প্রশংসিত ছিলেন। হাসিও তার ঠান্ডা মাথার প্রশংসা করলেন, ‘ধোনি নিজেকে খুব ঠান্ডা রাখতে পারে এবং প্রতিপক্ষ অধিনায়কে প্রথমেই গুঁড়িয়ে দিতে পারে। শারীরিক দিক থেকেও খুবই শক্তিশালী। যখনই মাঠ পার করার দরকার পড়ে, খুব সহজেই ধোনি তা করতে পারে। নিজের ক্ষমতার ওপরে অগাধ আস্থা আছে ধোনির। নিজের ওপরে এ রকম বিশ্বাস আমারও নেই।’

হাসি আরো বলেন, এক সময় শেষ ওভারে ১২-১৩ রান তাড়া করে জয় অসম্ভব ছিল তার নিজের কাছেও। পরে বিষয়টি তিনি ধোনির কাছেই শিখেছেন, ‘এক ওভারে ১২-১৩ রান তাড়া আমিও করতে পারতাম না। ধোনির কাছ থেকেই রান তাড়া করার এই শিল্প আমি শিখেছি। সে অবিশ্বাস্য।’