কুষ্টিয়া খোকসায় অর্পিতা দাস বৃষ্টি নামের ১০ম শ্রেনীর এক ছাত্রীকে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের বাড়িতে নিজ কক্ষের ভেতর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃষ্টি খোকসা উজেলার কাদিরপুর গ্রামের গৌতম কুমার দাসের মেয়ে এবং শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার কাদিরপুর গ্রামের স্কুল ছাত্রী অর্পিতা দাস বৃষ্টির কক্ষে তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি জানিয়ে তারা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের মাথায় থেতলে যাওয়া রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতুড়ি বা ওই জাতীয় ভারী কোন লোহার আঘাত হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে কুমারখালী এলাকা থেকে প্রদীপ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।