ভিডিও কলে নেতা-কর্মীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ‘ঘরে থাকা ও সামাজিক দূরত্ব মেনে চলা’ কর্মসূচির কারণে নিজের রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কল করে নেতা-কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ফোনে ভিডিও কল করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সায়েম জানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কার্যালয়ে কাজ চালানোর জন্য।

সায়েম আরও জানান, উদ্ভূত করোনা পরিস্থিতিতে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মী আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী যখন ভিডিও কলে কথা বলেন তখন দলের স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অল্প কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।