টেনিস কোর্টে ফিরতে মরিয়া সানিয়া মির্জা

করোনাভাইরাসের কারণে স্থগিত সব ধরনের খেলাধুলা। টানা লকডাউনে হাঁপিয়ে উঠেছেন ক্রীড়াবিদেরা। ব্যতিক্রম নন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। প্রিয় টেনিস কোর্টে ফিরতে তর সইছে না তার।

লকডাউনে নিজের অবস্থা তুলে ধরে মঙ্গলবার ছবিসহ একটি টুইট করেছেন সানিয়া। তাতে দেখা যাচ্ছে একটি দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন এই টেনিস তারকা, হাতে রয়েছে টেনিস র‍্যাকেট, আর চারদিকে ছড়িয়ে রয়েছে অনেক বল। ক্যাপশনে সানিয়া লিখেছেন- “আবার টেনিস খেলার অপেক্ষায় রয়েছি।”

মা হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে পেশাদার টেনিসে ফিরেছিলেন সানিয়া। কিন্তু তার পরই ভয়ংকর ভাইরাসের আক্রমণে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। থেমে যায় সানিয়ার প্রস্তুতিও।

সময়ের সঙ্গে উল্লেখযোগ্য হারে ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মোট আক্রান্ত ১১ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯২জন।

করোনা মোকাবিলায় ভারতে ২৪ মার্চ থেকে চলছে লকডাউন। প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা বাড়িয়ে করা হয়েছে ৩ মে পর্যন্ত। তাতে চরম দুর্ভোগে পড়েছে দেশটির খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকের মতো তাদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন সানিয়া মির্জাও।