করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতজুড়ে চলছে লকডাউন। জরুরি পণ্য ছাড়া অন্য যেকোনো পণ্য সরবরাহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
তবে ড্রোনে করে পানমসলা ডেলিভারি দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
টিকটক ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছাদের উপর দাঁড়িয়ে আছেন এক যুবক। দূর থেকে একটি ড্রোন ধীরে ধীরে উড়ে আসছে তার দিকে। ড্রোনটি একটু কাছে আসতেই দেখা গেল, তার মধ্যে বাঁধা রয়েছে পানমসলার প্যাকেট। ছাদে দাঁড়িয়ে থাকা ওই যুবকের কাছে এসে ড্রোনটি থামে।
সম্প্রতি গুজরাটের মোরবি শহরে এই ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে। পরে ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।