জামালপুরে ৩৩৩ ও হটলাইনে কল করলে মিলছে খাদ্যসামগ্রী

জামালপুর জেলা প্রশাসনের হটলাইন নম্বর ও ৩৩৩ অথবা ফোন করলেই অসহায়দের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।

মঙ্গলবার রাতে শহরের খুপিবাড়িসহ কয়েকটি এলাকায় করোনায় কর্মহীন অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাবার তুলে দেওয়া হয়।

করোনায় কর্মহীন হয়ে পড়া ৫২টি পরিবার ৩৩৩, জেলা প্রশাসকের হটলাইন নম্বর ও ফেসবুক পেইজের মাধ্যমে যোগাযোগ করে ঘরে খাবার না থাকার কথা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের বেলায় তাদের বাড়ি বাড়ি পৌঁছে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাবার পেয়ে খুশি অসহায় পরিবারের লোকজন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, ৩৩৩, জেলা প্রশাসনের হটলাইন নাম্বার ও ফেসবুক পেইজের মাধ্যমে এখন পর্যন্ত ৫২টি পরিবার খাদ্য সহায়তার জন্য যোগাযোগ করে। জেলা প্রশাসকের নির্দেশে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হয়। আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়া জামালপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত করোনার প্রভাবে কর্ম হারানো ১ লাখ ১ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রায় ১ হাজার ১৫ মেট্রিক টন চাল ও নগদ ৩৭ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।