করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করে ভারত। ম্যালেরিয়ার ওষুধটি করোনায় চিকিৎসার জন্য আলোচিত হয়ে উঠেছে পৃথিবীব্যাপী।
এমন বন্ধুত্বপূর্ণ সহায়তায় ভারতকে এবার মারণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র জানায়, তারা ভারতের সঙ্গে বারোশ কোটি রুপির সমরাস্ত্র চুক্তি করতে যাচ্ছেন। জাহাজ-বিধ্বংসী হারপুন ব্লক-টু ক্ষেপণাস্ত্র ও মার্ক ৫৪ লাইটওয়েট টর্পেডো ভারতকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ভারতের প্রতিরক্ষাকে আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এই অস্ত্রশস্ত্র।
জাহাজ-বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রটির দাম পড়বে প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার আর টর্পেডোর দাম প্রায় ৬ কোটি ৩০ লাখ ডলার।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ভারত মহাসাগর এলাকায় ক্ষমতা বাড়াচ্ছে চীন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে এই অস্ত্র দুটি কিনতে চেয়ে আবেদন জানিয়েছিল ভারত সরকার।
হারপুন ক্ষেপণাস্ত্রটির নির্মাতা বোয়িং এবং টর্পেডো সরবরাহ করবে রায়থেঅন। নির্ভুল নিশানায় এই ক্ষেপণাস্ত্র ঘায়েল করতে পারবে যে কোনও সাবমেরিনকেই। পেন্টাগন জানিয়েছে, হারপুন ও টর্পেডো দু’টাই ফিট করা হবে পি-৮১ এয়ারক্রাফটের সঙ্গে।
২০১৬ সালে ভারতকে অন্যতম প্রতিরক্ষা সঙ্গী হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ফলে আধুনিক অস্ত্রশস্ত্রের জন্য যুক্তরাষ্ট্র এখন বড় ভরসা ভারতের।