বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মহাখালী ও বাড্ডা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে ২৫ এপ্রিল নাগাদ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করতে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-কে নির্দেশনা দেয় সরকার।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কয়েকটি এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। অধিকাংশ এলাকার শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলেও মিরপুর-১০ নম্বর এলাকায় এখনো তারা অবস্থান করছেন। বিষয়টি আমরা দেখছি।

বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, সকাল ৯টা থেকে ১০টা নাগাদ সাহারা ফ্যাশন লিমিটেডের দুইশ’ থেকে আড়াইশ’ শ্রমিক প্রগতি সরণি অবরোধ করে বিক্ষোভ করে।

তিনি বলেন, পরে স্থানীয় জনপ্রতিনিধি, টহলরত সেনা কর্মকর্তা ও আমরা বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিই।

বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, বিক্ষোভ হওয়া কারখানাগুলোর মধ্যে ডিজাইন অ্যান্ড সোর্স বেতন দেবে ১৫ তারিখ, জা অ্যাপারেল অ্যান্ড জা সোয়েটার বেতন দেবে ১৬ তারিখ, ওয়েমার্ট ১৫ তারিখ, ডিপিডিএল ১৫ তারিখ, ক্লেমন ১৬ তারিখ, বিন্নি ১৫ তারিখ, ইউরো জোন (বাড্ডা) ১৬ তারিখ। রেদওয়ান টেক্স (বিজিএমইএ’র সদস্য নয়) বেতন দেবে ২৫ তারিখ।