চার বন্ধু মিলে লুডু খেলছিলেন, এর মধ্যে একজন কাশি দিয়ে উঠলে করোনাভাইরাস সন্দেহে তাকে গুলি করে আরেকজন। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে ভারতের নয়ডাতে। এনডিটিভির খবর।
প্রশান্ত নামে গুলিবিদ্ধ ওই যুবক নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, দয়ানগরে গতকাল রাতে জয়, বীরু ওরফে গুল্লু, প্রবেশ আর প্রশান্ত- এই চার বন্ধু মন্দিরের কাছে বসে লুডু খেলছিলেন। এরই মাঝে আচমকা কেশে ফেলেন প্রশান্ত।
গুল্লু এবং অন্য বন্ধুরা তাকে বলে যে, কাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়াচ্ছেন প্রশান্ত। এ নিয়ে সবার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায়। একপর্যায়ে গুল্লু প্রশান্তের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দেন।
পুলিশও এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে।
এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক হারে বাড়ছে ভারতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন সাড়ে ১১ হাজার ছুঁই ছুঁই; আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশ’র কাছাকাছি।