নভেল করোনাভাইরাস প্রতিরোধের স্বপ্ন নিয়ে সামনের সপ্তাহে মানুষের শরীরে টিকা পরীক্ষা করতে যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। গবেষকেরা জানিয়েছেন, অন্য প্রাণীর শরীরে পরীক্ষা চালিয়ে তারা সফল হওয়ায় এই টিকা নিয়ে আশাবাদী।
এর আগে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সারাহ গিলবার্ট জানান, শরতে এই টিকা আসা নিয়ে তিনি ৮০ ভাগ আত্মবিশ্বাসী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে এখন পর্যন্ত ৭০টির মতো প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে চীনের একটি এবং আমেরিকার দুটি প্রতিষ্ঠান ইতিমধ্যে মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল দিয়েছে।
প্রথম ট্রায়ালের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিন প্রোগ্রামে ৫১০ জনকে নির্বাচিত করা হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর।
ভ্যাকসিনটির বিষয়ে প্রফেসর অ্যাড্রিয়ান হিল ডেইলিমেইলকে বলেন, ‘সামনের মাসে আমরা মানবদেহে ট্রায়াল শুরু করব। ইতিমধ্যে কয়েক প্রজাতির প্রাণীর ওপর ট্রায়াল দিয়ে সফল হয়েছি।’