দীপ্ত টিভির চার সংবাদিকের করোনা শনাক্ত

বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি ‘লকডাউন’ করা হয়েছে। চারজন সংবাদ কর্মীর শরীরে করোনার সংক্রমণ
শনাক্ত হওয়ার পর গতকাল বুধবার রাতে টিভি চ্যানেলটি লকডাউন করা হয়। তবে এর সম্প্রচার চলবে। সেখানে ১৫ জন কাজ করবেন। তারা ১৪ দিন সেখানেই অবস্থান করবেন। এরপর আরেকটি দল ১৪ দিন পর সেখানে ঢুকবেন।

জানা যায়, বুধবার দীপ্ত টিভিতে কর্মরত একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর এবং দুজন প্রডিউসারের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। যোগাযোগ করা হলে দীপ্ত টিভির অ্যাসাইনমেন্ট এডিটর ইব্রাহিম আজাদ বলেন, ‘এটাকে লকডাউন বলা যাবে না। আমাদের অফিসে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন। বাইরে যাবেন না। তারা ১৪ দিন সেখানে কাজ করবেন। এরপর অন্য একটি দল আবার কাজ শুরু করবে।’

এর আগে গতকাল বিকেলে দেশের একটি বেসরকারি টেলিভিশনের এক কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর ওই চ্যানেলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জনের বেশি কর্মীকে কোয়ারেইন্টাইনে পাঠানো হয়।

গাজীপুরে সাংবাদিক : গাজীপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তিনি তার ফেইসবুক আইডিতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিসহ গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।