মুশফিকের আহ্বান

করোনাভাইরাসে আক্রান্ত এই বাংলাদেশের কোনো মানুষকে যেন খাবারের অভাবে কষ্ট না পেতে হয় সেই আবেদন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সেরা এই ব্যাটসম্যান বাংলা নববর্ষের দিনে নিজের ফেইসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় এই আর্জি জানান।

সবার কাছে আহ্বান জানিয়ে মুশফিক বলেন, ‘ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। মনে রাখবেন, শুধু আপনি এবং আপনার পরিবারের ভালো থাকলে চলবে না, আশপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, সবাই যেন সুস্থ থাকতে পারে, কারও যেন খাবারের অভাবে দিন পার না করতে হয়, সেটা দেখার দায়িত্ব আমার, আপনার সবার।’

এর সঙ্গে অদৃশ্য শত্রুর সঙ্গে জীবন বাজি রেখে লড়াইয়ে মাঠে থাকা যোদ্ধাদের প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছনড়বতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

শুধু এসব বলে বসে নেই মুশফিক। চলমান করোনা মহামারী পরিস্থিতিতে নিজ জেলা বগুড়ার স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন তিনি। সেইসব সামগ্রীর মধ্যে আছে ২০০টি করে পিপিই, গ্লাভস ও মাস্ক।