সুনামগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টায় উপজেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদরুল আলম (২৮), তিনি উপজেলার কালারুখা ইউনিয়নের মাধবপুর গ্রামের কুটি মিয়ার ছেলে। অপরজন আলাল মিয়া (২৫), তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক-গোবিন্দগঞ্জ মাধবপুর গ্রামের ওই দুই যুবক সবজি কিনে বাড়ি ফেরার পথে রাত ৯টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই বদরুল আলম মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলাল মিয়েকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে দেয়া হবে।