ঢাকা থেকে পালানো করোনা আক্রান্ত ব্যক্তি সুনামগঞ্জে আটক

ঢাকা থেকে সুনামগঞ্জে পালিয়ে আসা করোনা পজিটিভ এক রোগীকে আটক করে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাও থেকে আটক করা হয়।

তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। ঐ ব্যক্তি সোমবার করোনা পজিটিভ রিপোর্ট পা্ওয়ার পর ঢাকা থেকে পালিয়ে আসেন।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আইইডিসিআর থেকে এ রোগীর নাম-ঠিকানা আমাদের কাছে জানানো হলে আমরা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই এবং সুনামগঞ্জ থেকে করোনা রোগীর জন্য একটি অ্যাম্বুলেন্স পাঠাই।

বুধবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহায়তায় ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিষ্ণু প্রসাদ চন্দ জানান, ‘এই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার কর্মস্থল ঢাকার পপুলার ফার্মাসিইউটিক্যাকলসের এমডির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উক্ত ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন।

তার আইসোলেশনে থাকার কথা ছিল কিন্তু তিনি পালিয়ে এসেছেন। এমডির সাথে আলাপের কথা জানালে উক্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি যেন পুনরায় পালিয়ে যেতে না পারেন সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।