ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকার সেই নারী চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ বুধবার রাতে এই চিকিৎসক ও তার স্বামীর পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে।
প্রথমে গত শনিবার এই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পাওয়া ফলাফলে তার করোনা শনাক্ত হয়। সেদিন বিকেলেই তাকে এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
এ সময় স্থানীয় লোকজন ও কাউন্সিলর তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন। এসব বিষয় নিয়ে বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন চিকিৎসক।
এনিয়ে সারাদেশেই আলোচনা-সমালোচনা হয়।
মঙ্গলবার দ্বিতীয় দফায় চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার পাওয়া ফলাফলে তার করোনা ধরা পড়েনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান, এই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় এক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। তারপর তিনি ময়মনসিংহে স্বামীর বাসায় এসে কোয়ারেন্টাইনে ছিলেন। পরে তিনি করোনা পজিটিভ হলে তাকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল এবং নয়াপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছিল।