আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করা হচ্ছে। এই কমিটির মাধ্যমে কর্মহীনদের তালিকা করে তাদেরকে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে। দেশব্যাপী সমাজের সকল কর্মহীন মানুষের মাঝে এটা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ২৫০ শষ্যার জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পলিমার্স চেইন রি-একশন (পিসিআর) ল্যাব উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশের ১৮তম এই পিসিআর ল্যাব উদ্বোধনের ফলে নতুন করে কুষ্টিয়ায় করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা (টেস্ট) শুরু হল। কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার রোগীরা এখানে এসে নমুনা সংগ্রহ ও করোনা শনাক্তকরণসহ চিকিৎসা সেবা নিতে পারবেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, পরীক্ষা কার্যক্রম এখানে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণা হবে আইইডিসিআর কর্তৃক কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে।
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে ১০০টি আইসোলেশন বেড প্রস্তুত থাকলেও এখানে কোনো আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্ট নেই বলেও জানালেন ডা. তাপস কুমার সরকার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত ও সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।