নিষেধাজ্ঞা না মেনে রাস্তায় বের হয়ে জরিমানা গুনলেন তমা মির্জা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে চলছে সাধারণ ছুটি। সন্ধ্যা ৬টার পর বাসার বাইরে বের হওয়া একদমই নিষেধ। অথচ নিষেধ অমান্য করে বাইরে হয়ে জরিমানা গুনলেন চিত্রনায়িকা তমা মির্জা। জানা যায়, ১৫ এপ্রিল রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।

একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করেন। আদালতের তরফ থেকে একটি মাস্ক উপহার দেওয়া হয় নায়িকাকে। তমা জানায়, মাস্ক ও গ্লাভস গাড়িতে আছে। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছেন।

তমা মির্জা বলেন, ‘গতকাল একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল। সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ করে ছয়টার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়। দেরির কারণসহ এটিও বলি, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার যেকোনো শাস্তি মেনে নেব। তারা আমাকে বেশ সহযোগিতাও করেন।’

তমা মির্জার সিনেমায় অভিষেক হয় এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।