গাজীপুরে লকডাউন উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্থানে পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে।
খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর কারখানার মালিকক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়কের অবরোধ ছেড়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরীর তিন সড়ক এলাকায় স্টাইলক্রাফট পোশাক কারখানার শ্রমিকেরা সকাল ৯টার দিকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। শ্রমিকেরা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে। পরে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
এদিকে, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ইলিবাট কিংস ওয়্যার লিমিটেড কারখানায় একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কর্তৃপক্ষ তাদের বেতন ২১ এপ্রিল পরিশোধের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
একই দাবিতে নাওজোড় এলাকায় প্রোমোডিয়াল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
এছাড়া কোনাবাড়ি, বোর্ড বাজার এলাকায়ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা দিনভর বিক্ষোভ প্রদর্শণ করে।