বলিউডের পর এবার টেলিভিশন দুনিয়ার শ্রমিকদের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তহবিলে ২৫ লাখ দিয়েছেন এই বলিউড অভিনেতা।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতে লকডাউন চলছে, তার কারণে বন্ধ বিনোদন জগৎ। ফলে বলিউড এবং টেলি টাউনের বহু দৈনিক রোজগেরে পরিবারের পেটে খাবার জোগানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লকডাউনের কারণে যে সংকট চলছে, তার থেকে মুক্তির জন্য দৈনিক খেটে খাওয়া শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বি টাউনের অভিনেতারা।
সালমান খানের পাশাপাশি শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেন অক্ষয় কুমার, শাহরুখ খানরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি হৃতিক। বলিউডের পর এবার টেলি টাউনের পাশে দাঁড়িয়ে দৈনিক মজুর খাটা শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অভিনেতা।
এসবের পাশাপাশি প্রায় লক্ষাধিক অসহায় মানুষের খাবারের জোগান দিচ্ছেন হৃতিক। স্বেচ্ছাসেবী সংস্থা অক্ষয় পাত্রের হাত ধরে এক কাজ শুরু করেছেন তিনি। শ্রমিক পরিবারের পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় মানুষকেও অন্ন জোগাচ্ছেন বলিউডের এই ‘গ্রিক গড’।