করোনায় আর পাঁচজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কলকাতার যৌনকর্মীরা। কঠিন এই সময়ে কলকাতার সর্ববৃহৎ যৌনপল্লি সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, ‘এই পরিস্থিতিতে ওদের কাজ নেই। লকডাউনের এই সময় কাজের অভাবে ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষদের সাহায্যের চেষ্টা করছি। দূর্বার সদস্যদের মাধ্যমে কলকাতার যৌনপল্লির বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলাম।’
সোনাগাছির যৌনকর্মীদের চাল, ডাল, তেল, মুড়ি, নুন সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতার এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই।
প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে পুলিশ অফিসার অভিজিৎ পাকরাশির ভূমিকায় নজর কেড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি টলিউডের দৈনিক আয়ের কলাকুশলীদের জন্য তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’-এও অভিনয় করছেন পরমব্রত।