মমতার ভাবনায় চলচ্চিত্র ‘ঝড় থেমে যাবে একদিন’ (ভিডিও)

নববর্ষের বিকেলে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝড় থেমে যাবে একদিন’। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় স্বল্প দৈর্ঘ্যের এই ছবি পরিচালনা করেছেন অরিন্দম শীল। বাড়িতে বসেই এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

ক্যামেলিয়া প্রোডাকশন-এর ব্যানারে মুক্তি পেয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’ ছবিটি। এই ছবিতে রয়েছে মমতার লেখা গান, যে গানের সুর করেছিলেন কবীর সুমন। এই ছবির সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। শর্ট ফিল্মটির লিংক নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তারকারাও।

এই ছবিটিতে যে সমস্ত তারকারা অভিনয় করেছেন, তারা সকলেই যে যার বাড়িতে বসেই ছবির শুটিং করেছেন। পরিচালক অরিন্দম শীলও বাড়িতে বসেই করেছেন ছবি পরিচালনার কাজ। এই ছবি থেকে উঠে আসা টাকা তুলে দেওয়া হবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক আয়ের কলাকুশলীদের হাতে।