করোনা আক্রান্ত সন্দেহে বেসরকারি হাসপাতাল ডায়ালাইসিস করতে রাজি না হওয়ায় যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক কিডনি রোগী মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ১০ এপ্রিল চৌগাছা উপজেলার এক বাসিন্দা ভারত থেকে কিডনি রোগের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও সরকারি নির্দেশনার কারণে তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। ওই রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন ছিল। কিন্তু করোনার ভয়ে যশোরের কোনো বেসরকারি হাসপাতাল তার ডায়ালাইসিসে রাজি হয়নি। বুধবার রাতে ওই রোগীর রিপোর্ট পাওয়া যায়। দেখা যায়, তিনি করোনা নেগেটিভ। এরপর ইবনে সিনা কর্তৃপক্ষ তার ডায়ালাইসিস করতে সম্মত হয়। আজ (বৃহস্পতিবার) সকালে তার ডায়ালাইসিস করার কথা ছিল। কিন্তু ভোরেই তিনি মারা যান।
ওই রোগীর নাম আলমগীর কবীর (৪৫)।