সাধারণ বেশে রাস্তায় রাস্তায় ঘুরছেন রাজপুত্র, সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। পরিচয় লুকিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন খাবার। এ যেন কোনো রূপকথার দৃশ্য।
সত্যিই এমনটা ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। সাধারণ বেশে ওই দুজন হচ্ছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং মেগান মার্কেল।
রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ জীবনযাপন করছেন এই যুগল। এমনকি রাজ উপাধিও ত্যাগ করেছেন তারা। রাজপরিবারের সব ধরনের সুবিধাও ছেড়ে দিয়ে একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন।
যুক্তরাজ্য ছেড়ে কানাডায় থিতু হলেও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তারা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
কভিড-১৯ এর নতুন কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত এবং আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে সেখানে চলছে লকডাউন। খাদ্য সংকটে পড়েছে অসহায় মানুষেরা।
এমন অবস্থায় লস অ্যাঞ্জেলেসের কিছু অসহায় মানুষের হাতে খাবার তোলেন হ্যারি-মেগান। প্রজেক্ট অ্যাঞ্জেল ফুড নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে এ কাজটি করেন তারা।
২০ জন অসহায় মানুষের জন্য তাদের কয়েক সপ্তাহের খাবারের টাকা তুলে দিয়েছেন প্রজেক্ট অ্যাঞ্জেল ফুডের কাছে। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় থাকা অসহায় মানুষের জন্য কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। তাদের কাছ থেকে সুবিধাপ্রাপ্তরা অসুস্থ হওয়ায় খাবার কিনতেও ঘর থেকে বের হতে পারছে না।
আর অসুস্থ এসব মানুষের হাতে খাবার তুলে দিতে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন ব্রিটিশ রাজদম্পতি। মুখে এন৯৫ এবং হাতে গ্লাভস পরে সামাজিক দূরত্ব মেনে স্বেচ্ছাসেবীদের সঙ্গে দুই দিন খাবার বিতরণ করেন তারা। কোনো ধরনের পরিচয়ও প্রকাশ করেননি। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, রাস্তায় একেবারেই সাধারণ মানুষের বেশে হাঁটছেন তারা।
প্রজেক্ট অ্যাঞ্জেল ফুডের প্রধান রিচার্ড আয়ুব বলেন, ‘তারা খুবই সাধারণ পোশাক পরেছিলেন। তাদের না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আপনার দরজায় কখনোয় আপনি আশা করবেন না এমন কাউকে।’
জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ত্যাগ করেন হ্যারি এবং মেগান। আবাসন, নিরাপত্তা ও আর্থিক সুবিধার সবকিছু ছেড়ে দিতে হয়েছে তাদের। সামরিক বাহিনীতে আগের মতো অগ্রাধিকার পাবেন না হ্যারি।
এ ছাড়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল আর হিজ/হার রয়্যাল হাইনেস উপাধিও হারান তারা। প্রিন্স হ্যারির মা ডায়ানাও রাজ উপাধি ছেড়েছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর প্রিন্সেস অব ওয়েলশ ডায়ানা আর কখনোই হার রয়্যাল হাইনেস বা সংক্ষেপে এইচআরএইচ পদবি ব্যবহার করেননি।