করোনা নিয়ে মতবিরোধে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত ব্রাজিল প্রেসিডেন্টের

নভেল করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সিএনএনের খবর।

গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ রোধে পরিকল্পনা নিয়ে মতবিরোধ তৈরি হয় প্রেসিডেন্ট বলসোনারো এবং মন্ত্রী লুইজ হেনরিক ম্যান্ডেটার মধ্যে।

ম্যান্ডেটাকে সরিয়ে নিয়োগ দেয়া হয়েছে বলসোনারোর নির্বাচনী প্রচারণার দায়িত্ব পালন করা নেলসন টেইসকে। তিনি একজন অনকলোজিস্ট।

করোনা প্রতিরোধে শুরু থেকেই ম্যান্ডেটার সঙ্গে মতবিরোধ তৈরি হয় দেশটির প্রেসিডেন্টের। সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সামাজিক দূরত্ব মেনে চলাসহ লকডাউনকে গুরুত্ব দিচ্ছিলেন ম্যান্ডেটা। বিপরীতে কভিড-১৯ কে ‘সাধারণ ফ্লু’ মন্তব্য করেন বলসোনারো। তার মতে, ভাইরাসে যে ক্ষতি হবে লকডাউনের কারণে তার চেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

এ ছাড়া করোনা রোগীদের ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন বলসোনারো। এতে আপত্তি জানিয়ে ম্যান্ডেটা জানান, ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগে করোনা রোগী সুস্থ হওয়ার কোনো প্রমাণ নেই।

এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৬৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন প্রায় দুই হাজার।