করোনাভাইরাস সতর্কতায় সাধারণ মানুষকে ঘরে রাখতে চুয়াডাঙ্গায় এবার কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার সকাল থেকে অনেকটা মারমুখি আচারণে দেখা গেছে তাদেরকে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করে পুলিশ সদস্যরা। এ সময় অহেতুক রাস্তায় বের হওয়ার কারণে পিটুনিও দেওয়া হয়।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকেও শক্ত অবস্থান নিতে দেখা যায়। জেলা শহরের চারটি উপজেলাতে নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন হাট বাজারগুলোতেও শক্ত অবস্থান নিয়ে মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা।
এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে যানবাহনে মামলার পাশাপাশি করোনা সর্তকতায় সরকারি নিদেশনা না মানায় প্রায় ২৫ জনকে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, কোনো অবস্থাতেই এখন আর শিথিলতার সুযোগ নেই। করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে এবার আমরা শক্ত অবস্থান নিয়ে মাঠে আছি। এ জন্য প্রয়োজনে যা যা করার দরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই করবে। তিনি সকলকে ঘরে থাকারও আহ্বান জানান।