ব্যাংককে আটকা পড়া ৪৮ বাংলাদেশি দেশে ফিরলেন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার মুখে থাইল্যান্ডের ব্যাংককে আটকা পড়া ৪৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরত আসাদের সঙ্গে এক বাংলাদেশির মৃতদেহও ছিল। তারা চিকিৎসা নিতে এবং পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়েছিলেন।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা করোনাভাইরাসের দুর্যোগের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ প্রথম কোনো বিশেষ ফ্লাইট পরিচালনা করল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকায় মোট ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইট পরিচালনা করবে। চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় এবং কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ইউএস-বাংলাই একমাত্র বাংলাদেশি এয়ারলাইনস যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া দুর্যোগের সময়ে ইউএস-বাংলাকে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।