সিগারেট বিক্রি না করার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

দক্ষিন আফ্রিকার কেপটাউন শহরে লকডাউন অবস্থায় সিগারেট বিক্রি না করার কারণে সবুজ গৌড়া (২৫) নামে  এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত সবুজ গৌড়ার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে। সবুজ গৌড়া মোবারক গৌড়ার ছেলে।  বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার রাতে মাদারীপুরের চরনাচনা গ্রামে নিহতের বাড়িতে ফোন করে এ খবর জানায় নিহতের রুমমেট নাজমুল ইসলাম। এ খবর এলাকায় পৌঁছালে নিহতের পরিবারসহ পুরো গ্রামটিতে শোক নেমে এসছে। 

নিহত সবুজের পরিবারের দাবি, সরকার লাশটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়। 

নিহতের চাচাতো বোন পলি আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর থেকে সবুজের রুমমেট নাজমুল ইসলাম দেশে ফোন করে জানান, দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে লকডাউন থাকা অবস্থায় দোকানে সিগারেট ও তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ ছিল। ফলে দক্ষিণ আফ্রিকান এক দুর্বৃত্তের কাছে সিগারেট বিক্রি করতে না চাইলে সে ক্ষিপ্ত হয়ে সবুজকে কুপিয়ে হত্যা করে।

এ সময় বশীর ও আকবর নামে দুই বাংলাদেশি বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ওই দুর্বৃত্ত। আহত দুই যুবকের বাড়ি শরীয়তপুর জেলায়।