৩১ মে থেকে আবার সিরি আ

ধীরে ধীরে দেশকে স্বাভাবিক করার চেষ্টা করছে ইতালি সরকার। মোট তিন ধাপে খুলে দেওয়া হবে সবকিছু। দ্বিতীয় ধাপে ৩১ মে ‘সিরি আ’ আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য দলীয় খেলার সঙ্গে এদিন ইতালির শীর্ষস্থানীয় ফুটবল লিগও ‘বন্ধ দরজা’য় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে ২৯ আগস্ট ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের চিন্তা ভাবনা করছে উয়েফা। এ ব্যাপারে ২৩ এপ্রিল গভর্নিং বডির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে বিবিসি। প্রি- কোয়ার্টার রাউন্ড চলার মাঝেই চলতি চ্যাম্পিয়নস লিগ স্থগিত করতে হয়েছে উয়েফাকে। স্থগিত ইউরোপা লিগের খেলাও। বিবিসি জানাচ্ছে, পোল্যান্ডের গাদানস্কে ইউরোপার ফাইনাল ২৬ আগস্ট করার পরিকল্পনা করছে উয়েফা। উল্লিখিত তারিখগুলোতে ফাইনাল হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করছে উয়েফা। প্রমত জুলাই-আগস্ট মাসের মধ্যে দুই লেগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষ করে ফেলতে হবে। এটি তখনই সম্ভব হবে যদি স্থগিত লিগগুলো জুনে শুরু করা যায়। সেটি সম্ভব না হলে ঘরোয়া মৌসুম (লিগ) শেষ করে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষ করতে হবে একটি মাত্র ম্যাচ খেলিয়ে, সপ্তাহব্যাপী মিনি টুর্নামেন্টের মাধ্যমে। আগের সূচি অনুযায়ী ৩০ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা ছিল। এর তিন দিন আগে হওয়ার কথা ছিল ইউরোপার ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগে প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগের চারটি ম্যাচ এখনো বাকি। সেগুলো হলো ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা-নাপোলি, জুভেন্টাস-লিওঁ এবং বায়ার্ন মিউনিখ-চেলসির। আর আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আতালান্তা, আরবি লিপজিগ উঠে গেছে শেষ আটে।