বরিশালে চিকিৎসক-মেডিকেল ছাত্রের করোনা শনাক্ত

বরিশালে নতুন করে চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্রের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

শনিবার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। এ ছাড়া গত শুক্রবার সন্ধ্যায় মারা যাওয়া ৭২ বছরের রোগীর নমুনা পরীক্ষায় তিনিও করোনা পজিটিভ ছিলেন বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন করে আক্রান্ত চিকিৎসক বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়।

তাদের দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মেডিকেল কলেজ ছাত্রর পরীক্ষায়ও করোনা পজিটিভ হয়েছে। ওই ছাত্র গত দুই দিন আগে কুমিল্লা থেকে এসেছেন বলে জানান হাসপাতালের পরিচালক।

গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত ৭২ বছরের এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ১৩ এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারও করোনা পজিটিভ এসেছে। তারা দু’জনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত অপরজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই ছাত্রের ট্রাভেল হিস্ট্রি আছে। তিনি দু’দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছে।

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ রয়েছে। বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে সাতজন স্বাস্থ্যকর্মী।