বর্তমানে করোনাভাইরাস সংক্রমণে বেশি মানুষ মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। এই ঘটনায় ৯/১১-এর টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার মতো অনুভূতি হচ্ছে কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোর।
শুক্রবার ৭৬ বছরের ‘গডফাদার’ তারকা কথা বলছিলেন সিএনএনের জ্যাক টাপারের সঙ্গে। সেখানে ফেডারেল সরকারের সমালোচনা করলেও নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর প্রশংসা করেন।
তার মতে, যথষ্টে সতর্ক হওয়ার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্র সরকার শুরুতে যথাযথ ব্যবস্থা নেয়নি।
২০০১ সালের ৯/১১-এর ঘটনার সঙ্গে তুলনা টেনে বলেন, একই ধরনের অনুভূতি হচ্ছে। সিনেমায় এই ধরনের ঘটনা দেখা যায়। যেখানে বড় বড় শহরগুলো নিমিষে জনশূন্য হয়। কিন্তু বাস্তবে এমনটা হবে ভাবা যায় না।
গভর্নর কুওমোর প্রশংসা করে জানান, একজন ইতালিয়ান-আমেরিকান হিসেবে তাকে বুঝতে পারছেন।
শুক্রবার টুইটারে কুওমোর সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার উচিত কম অভিযোগ করে বেশি কাজ করা। ওই দিন পর্যন্ত নিউইয়র্ক সিটিতে ১২ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজারের বেশি।
এ দিকে রবার্ট ডি নিরোকে সর্বশেষ দেখা গেছে মার্টিন স্করসেসির ‘দ্য আইরিশম্যান’ ছবিতে। হাতে আছে দ্য কামব্যাক ট্রেইল ও দ্য ওয়ার উইথ গ্র্যান্ডপা। এ ছাড়া স্করসেসির পরের সিনেমায়ও থাকছেন।