করোনাভাইরাসের হটস্পট হিসেবে ঘোষিত নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রাকে করে স্ত্রী ও শিশু সন্তানসহ পালানোর সময় আটক হয়েছে ২ শতাধিক গার্মেন্টকর্মী। এ সময় পুলিশ তাদের বহন করা ৫টি ট্রাকও আটক করেছে।
শুক্রবার মধ্যরাতে ফতুল্লার পোস্ট অফিস মোড়, মুসলিমনগর, এতিমখানা মোড় ও পঞ্চবটী এলাকা থেকে তাদের আটক করে যার যার বাসায় ফেরত পাঠানো হয়।
আটক পোশাক শ্রমিকরা জানান, কর্মহীন হয়ে পড়ায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। তার ওপর বাড়ি ভাড়ার চাপ। গত এক সপ্তাহ কোনমতো মাটি কামড়ে পড়ে থাকলেও আর পারছেন না তারা।
এ কারণেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন নিয়ে নিজ নিজ দেশের বাড়িতে পালিয়ে যাচ্ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, এরা কিশোরগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট যাওয়ার জন্য ৫টি ট্রাক ভাড়া করে রাতের আঁধারে আসবাবপত্র নিয়ে রওনা দিয়েছিলেন। পরে খবর পেয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। ট্রাকের চালক-হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ওসি বলেন, কয়েকশ মাইল পাাড় দিতে অতিরিক্ত লোকজন আসবাবপত্রের সঙ্গে শিশু সন্তানদের নিয়ে ট্রাকে উঠেছিলেন। যেকোন সময় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটতে পারে জেনেও এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠেছিলেন তারা। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নৌপথেও টহল জোরদার করেছি। প্রত্যেক এলাকার লোকজনদের সচেতন হতে হবে এবং সবাইকে ঘরে থাকতে হবে।
লকডাউনে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার বিনীত অনুরোধ জানান ওই পুলিশ কর্মকর্তা।