লেবু খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়, এমন খবর ছড়িয়ে পড়ার পরেই আকাশছোঁয়া হয়ে যায় লেবুর দাম। করোনায় সীমিত আকারে চালু মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে ১২০ টাকা দরে এক হালি লেবু বিক্রি হচ্ছে।
শনিবার ১২ টার দিকে এ বাজার থেকে এক হালি লেবু কেনেন শহরের বাগমামুদালী পাড়া এলাকার বাসিন্দা শেখ মো. রতন। বাজারের সবজি বিক্রেতা রফিক মিয়া ওই এক হালি লেবুর দাম রাখেন ১২০ টাকা। প্রতিদিন শহরের প্রধান বাজারের সবজি ও মাছ বাজার বসছে প্রধান সড়কের উপর। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সীমিত আকারে এ বাজার বসছে।
জানা যায়, লেবু মিশ্রিত গরম পানি খেলে করোনা থেকে রক্ষা পাওয়া যায়-এমন জনশ্রুতি থেকে রাজধানীর নিকটবর্তী মুন্সীগঞ্জ শহর বাজারে লেবুর চাহিদা বেড়েছে। তাছাড়া রাজধানীর কারওয়ান বাজার থেকে চাহিদা অনুযায়ী অন্যান্য সবজিসহ লেবুর সরবরাহ তুলনামূলক কম। এতে খুচরা বাজারের আগের তুলনা অনেক বেশী দামে লেবু বিক্রি হচ্ছে। করোনা আতংকের আগে ২৫ টাকা থেকে ৩৫ টাকা দরে এক হালি লেবু বিক্রি হতো বাজারে। অথচ বর্তমানে সেই লেবুর দাম কয়েক গুনে বেড়েছে।
বিক্রেতা রফিক মিয়া জানান, প্রতিদিন রাজধানীর কারওয়ান বাজার থেকে ট্রাকবোঝাই করে লেবুসহ বিভিন্ন সবজি সরবরাহ থাকে পাইকাররা। মুন্সীগঞ্জ বাজারের সবজির পাইকার বদর, বাদশা ও শাহীনের কাছ থেকে বাজারের খুচরা বিক্রেতারা দেড়-পোন লেবু তথা ১২০ পিস লেবু কিনতে ২ হাজার ২০০ টাকা গুনতে হচ্ছে। তাই এক হালি লেবু ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি না করলে খুচরা বিক্রেতাদের লোকসান হচ্ছে।