আফ্রিদিকে মিথ্যাবাদী বললেন গম্ভীর

আরেকবার বোধ হয় জমে উঠতে যাচ্ছে শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীরের কথার লড়াই! শনিবার করা এক টুইটে ভারতের সাবেক ওপেনার গম্ভীর অন্তত সেই রসদই জোগালেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি গত বছর প্রকাশিত নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ গম্ভীরকে নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন। যার একটি খেলোয়াড় হিসেবে গম্ভীরের ভালো কোনো রেকর্ড নেই। এদিনের টুইটে আফ্রিদির বলা সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন গম্ভীর।

গম্ভীর লিখেছেন, ‘যার নিজের বয়সই মনে থাকে না, সে কীভাবে আমার রেকর্ড মনে রাখবে! ঠিক আছে শহীদ আফ্রিদি, আমি তোমাকে মনে করাচ্ছি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৭৫ করেছিলাম। আফ্রিদির বিপক্ষে ১ বলে কোনো রান করিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আর হ্যাঁ, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক ও সুবিধাবাদীদের বিরুদ্ধে সব সময় আমার অবস্থান রয়েছে।’

আফ্রিদিকে বয়স নিয়ে লুকোচুরির বিষয়ে খোঁচাই দিয়েছেন গম্ভীর। নিজের আত্মজীবনীতে আফ্রিদি নিজেই বয়স লুকোনোর বিষয় জানিয়ে ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নথি অনুসারে তার জন্ম ১৯৮০ সালের ১ মার্চ। কিন্তু আফ্রিদি লিখেন, তার জন্ম আসলে ১৯৭৫ সালে।

আফ্রিদি ও গম্ভীর- দুজনের সম্পর্ক খেলোয়াড়ি জীবন থেকেই ভালো নয়। ২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডেতে মাঠের মধ্যে বিরোধে জড়িয়ে দুজনেই আচরণবিধি ভেঙেছিলেন।

খেলা ছাড়ার পরও একে অপরের প্রসঙ্গে মনোভাব বদলায়নি দুজনের। তাই তো মাঝে মধ্যেই কথার লড়াইয়ে নেমে যান দুজন।

গম্ভীরের এই মন্তব্যের পর আফ্রিদি পক্ষ থেকে অবশ্য কোনো বক্তব্য এখনো আসেনি। তবে আসতে কতক্ষণ!