লকডাউনের মধ্যেই ষাঁড়ের শেষকৃত্যে শয়ে শয়ে মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে ভারত জুড়ে চলা লকডাউনের মধ্যেই তামিলনাড়ুর রাজ্যে ষাঁড়ের শেষকৃত্যে জমায়েত হয়েছেন শয়ে শয়ে মানুষ।

পরিহাসের বিষয় হচ্ছে- করোনাভাইরাসে পরিবারের সদস্য মারা যাওয়ার পরও অনেক জায়গায় দেহ নিতে যাচ্ছেন না কেউ। আর কোথাও আবার ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে এমন ধুমধাম!

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুধুবারাপট্টির গ্রামে বুধবার ষাঁড়ের শেষকৃত্যের শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশ গ্রামবাসী। ঘটনাটি কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। পরে তা ভাইরাল হয়।

তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দের খুব কদর মানুষের কাছে। মুধুবারাপট্টি গ্রামে মারা যাওয়া ষাঁড়টিও জাল্লিকাট্টুর।

তামিলনাড়ুতে প্রায় ১২৫০ জন মানুষ করোনায় আক্রান্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামটিতে সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নেয়া কয়েকশ গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিল না।

ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার ওপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পেছনে, চারপাশে কয়েকশ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।