করোনায় ইংল্যান্ড কিংবদন্তি নরম্যান হান্টারের মৃত্যু

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার নরম্যান হান্টার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের এই ডিফেন্ডার। ক্যারিয়ারের বেশিরভাগ সময় লিডস ইউনাইটেডে খেলা হান্টার কভিড-১৯ পজিটিভ হওয়ার পর গত ১০ এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে লিডস ইউনাইটেড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এক সপ্তাহের মধ্যে ৬৬-এর বিশ্বকাপ জয়ী দলের দ্বিতীয় খেলোয়াড়ের মৃত্যু হলো। ১২ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান গোলরক্ষক পিটার বোনেত্তি।

নরম্যান ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেন ২৮ ম্যাচ। ১৯৬৬ বিশ্বকাপ দলে থাকলেও মূল টুর্নামেন্টে খেলা হয়নি কোনো ম্যাচ। ফিফার পরিবর্তিত নিয়ম অনুযায়ী ২০০৯ সালে নরম্যান তার বিশ্বকাপ মেডেল পান। লিডসের সবচেয়ে সফল যুগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নরম্যান। অসাধারণ ট্যাকলিংয়ের জন্য ‘বাইটস ইয়ের লেগস’ নামে পরিচিতি পান।