জেদ্দায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর করোনা আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলর (শ্রম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনা আক্রান্ত শ্রম কাউন্সিলর জেদ্দায় ৪ হাজার বাংলাদেশি শ্রমিককে করোনাভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি সেখান থেকেই সংক্রমিত হয়ে থাকতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশপাশি বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।