সাভারের আশুলিয়ায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তির ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে তার ছোটভাই জাহিদুল ইসলাম (২৪)। গত মঙ্গলবার সকালে আশুলিয়ার রণস্থল বাইনটেকি এলাকায় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর জখমও করেন জাহিদুল। ঘটনার পর থেকে জাহিদুল পলাতক রয়েছেন। গতকাল শনিবার দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম তলায় গিয়ে ঘটনাটি জানা যায়। হাসপাতালের বেডে শুয়ে জাহাঙ্গীর বলেন, ‘বেশ কিছুদিন ধরে জাহিদুল ইয়াবা সেবন শুরু করে। বিষয়টি লোক মারফত জানতে পেরে তাকে মৌখিকভাবে শাসন করি। গত মঙ্গলবার সকালে নিজ কক্ষে ঘুমাচ্ছিলাম। এ সময় স্ত্রী ও ৭ বছরের ছেলে ঘরের বাহিরে ছিল। হঠাৎ জাহিদুল ঘরে ঢুকে প্রথমে অ্যাসিড নিক্ষেপ করে এবং পরে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।’