বরিশালে চিকিৎসক মেডিকেল ছাত্র করোনা আক্রান্ত

বরিশালে চিকিৎসক ও এক মেডিকেল কলেজ ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এ ছাড়া গত শুক্রবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে মৃত ৭২ বছরের বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। জানা যায়, নতুন করে আক্রান্ত চিকিৎসক বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং এর আগে তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, ১৩ এপ্রিল নমুনা পরীক্ষায় বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের এক নারী চিকিৎসকের করোনা পজিটিভ আসে। এরপর তার স্বামীর (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ওই চিকিৎসক) নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারও পজিটিভ আসে।