মহাসড়কের পাশে ৫ ঘণ্টা অচেতন যুবক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী খামারবাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা মিশো (৩০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত শুক্রবার তাকে উদ্ধার করা হয়। মিশো বগুড়ার গাবতলীর বথিয়াভাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ মিশোকে উদ্ধারে এগিয়ে আসেনি। ফলে সকাল থেকে দীর্ঘ ৫ ঘণ্টা তিনি সেখানে পড়েছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেন। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম তৌহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মিশো মলম পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান। স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে মিশোকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হবে বলে জানান তিনি।