টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে জাফর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর মোহনায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থল হতে ২ লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নিহত যুবক সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।

টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমারের দিক হতে ৩-৪ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় ঘোলার চরের দিকে আসতে দেখলে শাহপরীর দ্বীপ বিওপি ফাঁড়ির নিয়মিত টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ করে।

বিজিবি পাচারকারিদের ধাওয়া করে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষে ৩-৪ মিনিট গোলাগুলির পর পাচারকারিরা গ্রামের ভেতর পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক যুবকসহ দুই লাখ পিস ইয়াবা, গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে।

গুলিবিদ্ধ যুবককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানায় বিজিবি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।