নভেল করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারিতে আছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের দেহে যাতে ভাইরাস সংক্রমিত না হয়, এর জন্য প্রয়োজন ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই)।
তবে এই পিপিই মাত্র একবার ব্যবহার করা যায় ফলে বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে এই সুরক্ষা সামগ্রীর। এর মধ্যে যুক্তরাজ্যে ব্যবহৃত পিপিই পরে কাজ চালিয়ে নেয়ার নির্দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন।
সম্প্রতি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এক নির্দেশনায় করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই পুনর্ব্যবহারের পরামর্শ দেয়। পাশাপাশি পুরো শরীর ঢাকার পোশাক না পাওয়া গেলে চিকিৎসকদের জন্য বরাদ্দ সাধারণ অ্যাপ্রোন পরার কথাও বলা হয় তাতে। এতে পুরো স্বাস্থ্য সেবায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
যদিও ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক পিপিই সংকটের কথা স্বীকার করে আশ্বাস দিয়েছিলেন, শুক্রবারের মধ্যে বিদেশ থেকে আরও ৫৫ হাজার গাউন যুক্তরাজ্যে পৌঁছে যাবে। সপ্তাহান্তে তা তুলে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের হাতে।
এদিকে দেশটির স্বাস্থ্যকর্মীদের সবচেয়ে বড় সংগঠন ইউনিসনের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী না পেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বহু গুণ বেড়ে যাবে। সে ক্ষেত্রে অনেকেই কাজ করতে চাইবেন না। তা ছাড়া নতুন আসা পিপিই কেন স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছে ওই সংগঠনটি।
প্রসঙ্গত, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন প্রায় সাড়ে ১৫ হাজার।