দ. কোরিয়ায় আক্রান্ত সিঙ্গেল ডিজিটে নেমেছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে দক্ষিণ কোরিয়ায়। নতুন আক্রান্তের সংখ্যাটা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে বলে দেশটির সবশেষ তথ্যে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্যে জানানো হয়েছে, রবিবার কভিড-১৯ রোগী পাওয়া গেছে মাত্র ৮ জন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছানোর এই প্রথম নতুন আক্রান্ত এক সংখ্যার ঘরে নামল।

প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেন, দক্ষিণ কোরিয়ার পরিস্থিতির উন্নতি বিশ্বের অন্যান্য অঞ্চলকে এই আশা দিচ্ছে যে, করোনাভাইরাসের মহামারি ‘পরাজেয়’।

শুরুর দিকে কভিড-১৯ আক্রান্তে চীনের বাইরে এশিয়ার মধ্যে সবার ওপরে ছিল দক্ষিণ কোরিয়া। বর্তমানে তাদেরকে ছাড়িয়ে গেছে এশিয়ার অনেক দেশ। ১৮ ফেব্রুয়ারির পর এই প্রথম প্রতিদিনকার আক্রান্তের সংখ্যা এক ডিজিটে নামল।

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, নতুন আট করোনারোগীর মধ্যে পাঁচজন দেশের বিদেশ থেকে আসা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৬১ জন; মোট মৃত্যু ২৩৪ জন।

পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় নাগরিকদের দৈনন্দিন জীবনযাপন সহজে নতুন নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুন।

দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০ জানুয়ারি। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সংখ্যাটি এক ডিজিটেই ছিল। এরপরই আশঙ্কাজনক হারে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারল কোরিয়া উপদ্বীপের দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার। একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃত উভয় তালিকাতেই সবার ওপরে যুক্তরাষ্ট্র।