করোনার সংক্রমণ প্রতিরোধে বহিরাগতদের এলাকায় প্রবেশে নিষেধ করায় এক দিনমজুর বৃদ্ধকে মারধর করেছে বহিরাগত কয়েক যুবক।
গত শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট মুকদমপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
সাটুরয়া উপজেলার বাছট এলাকার যুব সমাজ ও সচেতন জনগণকে নিয়ে করোনা ইস্যুর শুরু থেকেই কাজ করে আসছিলেন হামলার শিকার আমজাদ আলী।
রাত আনুমানিক ৮টার দিকে বহিরাগত যুবকরা সংঘবদ্ধভাবে অনধিকারভাবে মুকদমপাড়া গ্রামে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেওয়ায় আমজাদ আলী হামলার শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় আমজাদ আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।