বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে ঘরে বসেই অন্তত ১০০ তারকা শিল্পীর বিশেষ কনসার্ট থেকে প্রায় ১৩ কোটি ডলারের তহবিল জোগাড় হয়েছে।
বিবিসি জানায়, ‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামে শনিবার মধ্যরাত থেকে আট ঘণ্টার এই ভার্চুয়াল কনসার্ট চলে। এতে অংশ নেন লেডি গাগা, বিয়ন্সে, বিলি আইলিশ, রোলিং স্টোনসের সব সদস্যসহ ১০০ তারকা।
গ্লোবাল সিটিজেন মুভমেন্টের আয়োজনে দুই পর্বে বিভক্ত কনসার্টটি সারা বিশ্বের দর্শকেরা উপভোগ করেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং চলে। এরপর দুই ঘণ্টা সম্প্রচারিত হয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক টিভি চ্যানেলে।
আয়োজক প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে জানায়, ঐতিহাসিক এই বৈশ্বিক সম্প্রচারের পর করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় মোট ১২ হাজার ৭৯ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে।
এই তহবিলের পাঁচ কোটি ৫১ লাখ ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ফান্ডে দেওয়া হবে। বাকি অর্থ সংক্রমণ রোধে লড়াই চালিয়ে যাওয়া স্থানীয় ও আঞ্চলিক স্বাস্থ্যকর্মীদের সহায়তায় ব্যয় হবে।
এই অনুষ্ঠানে করোনা মোকাবিলার লড়াইয়ে থাকা চিকিৎসক, নার্সদের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হয়।
মার্কিন টিভি ব্যক্তিত্ব স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও জিমি ফ্যালোনের সঞ্চালনায় এই কনসার্টে আরও ছিলেন টাইলর সুইফট, এলটন জন, ওপরা উইনফ্রে।