করোনায় পানামার জঙ্গলে ফেঁসে গেল অভিবাসীর দল

পানামার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রগামী প্রায় ১৭০০ সদস্যের এক অভিবাসী দলের বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাসজনিত কভিড-১৯ ধরা পড়ায় তাদের আটক করা হয়েছে।

পানামা কর্তৃপক্ষ এই অভিবাসী দলকে আটক করে বলে দেশটির সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অভিবাসীদের কলম্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি লা পেনিতায় রাখা হয়েছে। কিন্তু সেখানে মাত্র ২০০ জনকে রাখার ব্যবস্থা আছে।

নাম প্রকাশ না করার শর্তে পানামা সরকারের একটি সূত্র জানায়, অভিবাসী দলের ১৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের এরই মধ্যে ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

অঞ্চলটিতে রেডক্রসেরও তেমন কোনো কর্মী নেই বলে জানা গেছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ওয়াল্টার কট্টে বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া স্থানীয় এক পুলিশ অফিসারের সংস্পর্শে আশায় সেখানকার রেডক্রস কর্মীরা অঞ্চলটি ছেড়ে কোয়ারেন্টাইনে আছেন।

তবে আটক অভিবাসীদের সরকার, ইউনিসেফ ও রেডক্রসের পক্ষ থেকে পানি, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিচ্ছে বলে জানিয়েছে এএফপি।

মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১২০ জনের।

বিপজ্জনক হওয়া সত্ত্বেও গত কয়েক বছরে কলম্বিয়া ও পানামার জঙ্গলঘেরা সীমান্তবর্তী অঞ্চল অবৈধ অভিবাসনের করিডরে পরিণত হয়েছে।

এখান দিয়ে মূলত হাইতি, কিউবা ও ভেনেজুয়েলার অভিবাসীরা অন্য দেশে পাড়ি জমায়। বাংলাদেশ, নেপাল, কঙ্গো ও ক্যামেরুনের মতো দূর দেশের অভিবাসীদেরও এই করিডর দিয়ে যেতে দেখা যায়।