কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি ফিরলেন শেরপুরের ৩ করোনা রোগী

শেরপুরে শিশুসহ আরও ৩ করোনা রোগী সুস্থ হয়ে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত ১৫ রোগীর মধ্যে পাঁচজনই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। 

টানা দশ দিন আইসোলেশনে কাটিয়ে রবিবার বাড়ি ফিরেছেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাফাজ মিয়া ও নারায়নগঞ্জ ফেরত রঙমিস্ত্রি বোরহান উদ্দিন। তারা দুজনই ৯ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

এদিকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত আয়ার নাতি  শিশু তৌহিদও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর আগে ১৬ এপ্রিল জেলার প্রথম করোনা শনাক্ত দুই নারীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার সময় সুস্থ হওয়া সবাই জেলা স্বাস্থ্য বিভাগ ও দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন বলেন, এটা আমাদের সবার অর্জন। রোগীরা সুস্থ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি ফিরেছেন।