নভেল করোনাভাইরাস ইস্যুতে রাশিয়া চীনের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ার দুদিনের ভেতর শি জিনপিং প্রশাসনকে হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান মহামারীতে চীনের কোনো হাত থাকলে দেশটিকে বাজে পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘শুরু হওয়ার আগে চীনেই এটি থামানো যেত, তা হয়নি আর এখন পুরো বিশ্ব এর কারণে ভুগছে।’
ট্রাম্প বলেন, ‘যদি এটা ভুল হয়ে থাকে, ভুল ভুলই। কিন্তু তারা যদি জেনেশুনে এসব করে থাকে তবে অবশ্যই ফল ভোগ করতে হবে।’
নভেল করোনাভাইরাসের কথা দেরিতে জানানোয় ট্রাম্প চীনের সমালোচনা করছেন বেশ কয়েক দিন ধরে। কভিড-১৯ রোগের জন্য দায়ী ভাইরাসকে এর আগে কয়েকবার তিনি ‘চীনা ভাইরাস’ও বলেন। এমনকি দেশটির বিরুদ্ধে তদন্তেরও ঘোষণা দিয়েছেন।
এসব ঘটনার পর দুদিন আগে পুতিন চীনে ফোন করে ভাইরাস প্রতিরোধে দেশটির ‘সর্বাত্মক প্রচেষ্টার’ প্রশংসা করেন বলে জানায় রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
দুই নেতা ফোনালাপে সরাসরি হোয়াইট হাউসের কথা উল্লেখ না করে ‘কয়েকটি দেশের পাল্টা বিরূপ প্রতিক্রিয়ার’ সমালোচনা করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি আরেকটু পরিষ্কার করে, ‘চীনের সমালোচনার জন্য পুতিন কিছু মানুষকে দায়ী করেছেন।’