খুলনা মেডিকেল কলেজের আরও ২ শিক্ষক করোনায় আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরও দুইজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রবিবার খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর)  মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজের  তিনজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। 

নতুন আক্রান্ত শিক্ষকদের একজন  গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রণজিৎ কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক ফয়সাল। 

খুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজের গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রণজিৎ কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক ফয়সালের করোনা পজিটিভ ধরা পড়া। বাকি ১৯৯ জনের নেগেটিভ এসেছে।

তিনি বলেন, বর্তমানে ওই দুই জন শিক্ষক খুমেকের গেস্ট হাউজে চিকিৎসাধীন রয়েছেন। তবে, তাদের নগরীর করোনা ডেটিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এর আগে গত শনিবার খুমেকের পিসিআর মেশিনে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদের করোনা পজিটিভ ধরা পড়ে। 

এছাড়া গত ১৪ এপ্রিল খুলনা খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে রবিবার পর্যন্ত খুমেকের পিসিআর মেশিনে ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে।  এর মধ্যে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।